আকতার হোসেন বকুল (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২৫ অনুষ্ঠিত হয়।
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি এবং আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ এ প্রতিপাদ্যে বুধবার (২৬ নভেম্বর) প্রাণিসম্পদ চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রকৌশলী মো. মোবারক হোসেন, থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সেলিম জাহাঙ্গীর সৌরভ এবং পাখি খামারী তৌফিক হাসান বাবু।
প্রদর্শনীতে উন্নত জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি, কবুতর ও বিভিন্ন প্রজাতির পাখি ছাড়াও দুগ্ধজাত পণ্য, পশুখাদ্য-ঔষধ এবং বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।

