সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে গাছের ডালে বিদ্যালয়ের টিনের চালা ক্ষতিগ্রস্ত, বন্ধ ছাদ ঢালাইয়ের কাজ

পাঁচবিবিতে গাছের ডালে বিদ্যালয়ের টিনের চালা ক্ষতিগ্রস্ত, বন্ধ ছাদ ঢালাইয়ের কাজ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের একমাত্র মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয়ের’ পাশের একটি হেলে পড়া গাছের ডালে টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন ধরে ডালটি বিদ্যালয়ের টিনের চালার ওপর পড়ে থাকায় এর আঘাতে চালা ভেঙে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই শ্রেণিকক্ষগুলোতে পানি ঢুকে পড়ছে।

বৃষ্টির পানিতে শ্রেণিকক্ষগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পানি গড়িয়ে অন্যান্য শ্রেণিকক্ষ ও বারান্দায় ছড়িয়ে পড়ায় শিক্ষক-শিক্ষার্থীদের চলাচল এবং পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে বিদ্যালয়ের ছাদ ঢালাইয়ের কাজ। বিদ্যালয় কর্তৃপক্ষ ছাদ ঢালাইয়ের উদ্যোগ নিলেও হেলে পড়া গাছের ডালের কারণে তা সম্ভব হচ্ছে না। মিস্ত্রিরা কয়েক দফা বিদ্যালয়ে এসে ডালের কারণে কাজ না করেই ফিরে গেছেন। এতে বিদ্যালয়ের উন্নয়নকাজও ব্যাহত হচ্ছে।

এ অবস্থায় বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হেলে পড়া গাছের ডালটি দ্রুত অপসারণ করে ছাদ ঢালাইয়ের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকরা। তারা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির (এডহক) সভাপতি ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান চৌধুরী বলেন, একটি ডালের কারণে প্রতিষ্ঠানের এত বড় ক্ষতি হচ্ছে। টিনের চালা ভেঙে যাওয়ায় শিক্ষকরা ঠিকমতো ক্লাস নিতে পারছেন না। আবার ছাদ ঢালাইয়ের কাজও করা সম্ভব হচ্ছে না। মিস্ত্রিরা কয়েকবার এসে ফিরে গেছেন। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক স্বার্থে সবার উপস্থিতিতে ডালটি কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *