সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

পাঁচবিবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬। রোববার (৯ আগস্ট) দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে পামডো।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে আদিবাসী নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন। অনেকের হাতে ছিল ব্যানার-ফেস্টুন এবং মাথায় ছিল আদিবাসীদের ঐতিহ্যবাহী টুপি।

আন্তর্জাতিক আদিবাসী দিবসের এবারের প্রতিপাদ্য ছিল “আদিবাসী ধাত্রীদের সম্মাননা: জীবন ও কল্যাণের সুরক্ষা”।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পামডোর নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান।

এ সময় আদিবাসীদের স্বার্থ ও অধিকার রক্ষার বিষয়ে বক্তব্য দেন আইএফইএসের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রুমানা আমিন অর্চি, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রুখসানা আফরোজ এবং পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি মো. আজাদ আলীসহ আদিবাসী নেতৃবৃন্দ।

বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আদিবাসী ধাত্রীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এ বিষয়ে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে আদিবাসী নারী-পুরুষদের পরিবেশনায় ঐতিহ্যবাহী আদিবাসী সংস্কৃতির গান ও নৃত্য পরিবেশিত হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *