পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে রুবেল হোসেন (৪৪) নামে এক অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে পাঁচবিবি পৌরসভার রেল কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় রুবেলকে অনলাইনে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়।
গ্রেপ্তার রুবেল হোসেন পশ্চিম বীরনগর (পুটারবিল) গ্রামের সাহেব আলীর ছেলে।
ডিবির সিনিয়র এসআই মো. আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে এসআই মো. সাখাওয়াত হোসেন, এএসআই মো. সাজেদুর রহমান, এএসআই মো. আসাদুজ্জামান, এএসআই মো. সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
জয়পুরহাট জেলা ডিবি পুলিশের ওসি মো. আসাদুজ্জামান আসাদ বলেন, রুবেল দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়। তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

