সর্বশেষ :
19 Oct 2026, Mon

পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় আহত ৪, অবরুদ্ধ ৯ পরিবার

পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় আহত ৪, অবরুদ্ধ ৯ পরিবার

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছেন। চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছেন ৯টি পরিবার। এ সময় খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনাও ঘটে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পৌর শহরের হিজলগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন মামুন মিয়া (২৫), আলো বেগম (২০), মরিয়ম বেগম (৬০) ও আতিয়ার রহমান (৫০)। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন ওই গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে আতিয়ার রহমান।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের ভাগি-শরিক রমজান আলী ও শহিদুল ইসলাম গংদের সঙ্গে রহমান গংদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রমজান ও শহিদুল গংরা দেশীয় অস্ত্র নিয়ে আতিয়ার গংদের ওপর হামলা চালায়। এতে আতিয়ার গংদের অন্তত ৯ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরে হামলাকারীরা প্রতিপক্ষ আতিয়ার গংদের বাড়ি থেকে বের হওয়ার সব রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এতে ৯টি পরিবারের শিশুসহ অন্তত ২৫ জন সদস্য অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় ভুক্তভোগীদের একাধিক খড়ের পালায় আগুন দেওয়া হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সারোয়ারে আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *