দোহার প্রতিনিধি: পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন বিডি ক্লিন, দোহার। দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম বিডি ক্লিন প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালের ৩ জুন। ফরিদ উদ্দিনের প্রতিষ্ঠিত এ সংগঠনের স্লোগান “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”। বর্তমানে এর সক্রিয় সদস্য সংখ্যা ৪৬ হাজারের বেশি।
সংগঠনটির মূল লক্ষ্য হলো, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস পরিবর্তন করে নাগরিকদের ডাস্টবিন ব্যবহারে উদবুদ্ধ করা এবং পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই বিডি ক্লিনের প্রধান উদ্দেশ্য।
বিডি ক্লিনের প্রতিটি সদস্য নাগরিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। তারা দেশের প্রচলিত আইন মেনে চলেন এবং লোভ, হিংসা ও বিদ্বেষ থেকে দূরে থেকে পারস্পরিক শ্রদ্ধাশীল আচরণে বিশ্বাসী। এ সংগঠনের প্রতিটি স্বেচ্ছাসেবী দেশের ঐক্য, শৃঙ্খলা ও মানবসেবায় নিয়োজিত থেকে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করে যাচ্ছে।
দোহারে বিডি ক্লিনের ধারাবাহিক কার্যক্রমের মধ্যে রয়েছে- প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন করা, স্থানীয় দোকানদার ও সাধারণ জনগণকে সরাসরি কিংবা মাইকিং এর মাধ্যমে সচেতন করা এবং যত্রতত্র আবর্জনা না ফেলে ডাস্টবিন ব্যবহারে উৎসাহ প্রদান।
বিডি ক্লিন দোহার সদস্যরা আশা করছেন, নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

