শরীয়তপুর: নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সকাল ৬টার দিকে নাওডোবা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ শুরু করেন। একপর্যায়ে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে মিছিল করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। অবরোধের কারণে সকাল থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
সকাল সাড়ে ৮টার পর কিছু যানবাহন পারাপার শুরু হলেও এক্সপ্রেসওয়েতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। জমাদ্দার মোড় এলাকায় অর্ধকিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি গোলাম রসুল জানান, আন্দোলনকারীদের সরাতে গেলে তারা ট্রাকে আগুন দেয়। তিনি বলেন, আটকে পড়া যানবাহনগুলোকে নিরাপত্তা দিয়ে পারাপারে সহায়তা করা হচ্ছে; পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হবে।

