মুন্সিগঞ্জ (ঢাকা) : যানজট এড়াতে এবং সেতু পারাপারের প্রক্রিয়া সহজ করতে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালু করা হচ্ছে। এই অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে গাড়ি থামানো ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে নির্ধারিত লেন ব্যবহার করে সেতু পার হওয়া যাবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ জানিয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বিশেষ নির্দেশনায় এই ব্যবস্থা চালু করা হচ্ছে। এটি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।
কীভাবে কাজ করবে এই সিস্টেম :
ইটিসি সিস্টেম ব্যবহার করতে আগ্রহী গাড়ি চালকদের প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেড-এর ট্যাপ অ্যাপে (Tap App) গিয়ে ‘ডি-টোল’ অপশনে নিজেদের গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর শুধুমাত্র প্রথমবার পদ্মা সেতুর আরএফআইডি বুথে আরএফআইডি ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করতে হবে। একবার এই প্রক্রিয়া সম্পন্ন হলে, গাড়ি ব্যবহারকারীরা ন্যূনতম ৩০ কিলোমিটার গতিতে ইটিসি লেন ব্যবহার করে টোল পরিশোধ করতে পারবেন। এ সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আশা করছে, ভবিষ্যতে ট্যাপ অ্যাপের পাশাপাশি অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপও এই সেবার সঙ্গে যুক্ত হবে। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই (a2i) এই পরিষেবা সম্প্রসারণের জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।

