নড়াইল: নড়াইলের সিংগাশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক বৃদ্ধ ও তাঁর ছেলেসহ চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে ইউনিয়নের বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বড়কুলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল, তাঁর ছেলে তাহাজ্জুদ হোসেন, একই গ্রুপের ফেরদৌস হোসেন এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া।
স্থানীয় সূত্র জানায়, সিংগাশোলপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান খায়ের মোল্লা এবং বিএনপি-সমর্থিত স্থানীয় নেতা খলিল মোল্লার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। ৫ আগস্ট সরকার পরিবর্তনের আগে এলাকায় খায়ের মোল্লার আধিপত্য থাকলেও পরবর্তীতে তিনি ও তাঁর অনুসারীরা এলাকা ছেড়ে গেলে খলিল মোল্লা ও তাঁর সহযোগীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি খায়ের মোল্লার অনুসারীরা এলাকায় ফিরলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে।
সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত অবস্থায় ওসিবুর মিয়াকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

