নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার একটি ময়লার ভাগাড় থেকে পাঁচটি বস্তাভর্তি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), বিপুল পরিমাণ পোলিং কর্মকর্তার কার্ড এবং সিল উদ্ধার করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থিত ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে এসব উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যাবেলায় একটি সাদা গাড়িতে করে কয়েকজন ব্যক্তি এসে ফতুল্লা স্টেডিয়ামের সামনের ময়লার স্তূপে বস্তাগুলো ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসময় স্থানীয় কয়েকজন ব্যক্তি মোবাইলে এর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করলে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী ঘটনাস্থলে পৌঁছান এবং কার্ডগুলো উদ্ধার করেন। তিনি জানান, কারা এসব ফেলে গেছে, সে বিষয়ে তদন্ত চলছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এনআইডি, পোলিং অফিসারের কার্ড এবং সিলগুলো গাজীপুর সদর এলাকার। উদ্ধারের পর এসব বর্তমানে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন অফিসের হেফাজতে রাখা হয়েছে।

