সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোর-২ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

নাটোর-২ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী স্বচ্ছ, মানবিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক ‘নতুন ও সমৃদ্ধ নাটোর’ গড়ার লক্ষ্যে তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের মাদরাসা মোড় এলাকায় জামায়াতের নির্বাচনী অফিসে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে অধ্যাপক মো. ইউনুস আলী বলেন, অফুরন্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও বেকারত্ব, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, অযোগ্য নেতৃত্ব ও সন্ত্রাসের কারণে মানুষের জীবনযাত্রার কাঙ্ক্ষিত মান উন্নয়ন হয়নি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য সামনে রেখে মানুষের সেবক হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের জন্য কাজ করে যেতে চান তিনি।

ঘোষিত ইশতেহারে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের বিশেষ সম্মাননা প্রদান এবং তাদের জন্য উন্নত চিকিৎসা, শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়াও ইশতেহারে কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাইটেক পার্ক প্রতিষ্ঠা, নাটোর সদর হাসপাতালের আধুনিকায়ন, নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু, নার্সিং ইনস্টিটিউট, মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং বক্ষব্যাধি ক্লিনিক আধুনিকায়নের কথা উল্লেখ করা হয়।

এছাড়া স্টেশন বাজার রেলক্রসিংয়ে ওভারব্রিজ নির্মাণ, নাটোর–বগুড়া বাইপাস সড়ক নির্মাণ, নাটোর চিনিকল আধুনিকায়নের মাধ্যমে লাভজনক শিল্পে পরিণত করা, বাণিজ্যিক গ্যাস সরবরাহ সঞ্চালন লাইন স্থাপন করে ভারী শিল্প প্রতিষ্ঠা, বিসিক শিল্পনগরীর সম্প্রসারণ, অর্থনৈতিক অঞ্চল ও কৃষি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়।

ইশতেহারে আরও রয়েছে নাটোর স্টেডিয়ামের আধুনিকায়ন, পর্যটনভিত্তিক শহর গড়ে তোলা, নারদ নদ এবং জয়কালী ও লালদীঘিতে ওয়াকওয়ে নির্মাণ এবং বর্জ্যমুক্ত সবুজ শহর প্রতিষ্ঠার পরিকল্পনা।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি অধ্যাপক মো. সাদিকুর রহমান, সহকারী সেক্রেটারি ও নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আতিকুল ইসলাম রাসেল উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *