মো. রাশেদুল ইসলাম (নাটোর): সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাটোর-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। আজ বুধবার বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের হাগুড়িয়া এলাকায় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার, ইকবাল হোসেনসহ জেলা প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা।
এ বছর নাটোর জেলায় ৫০ হাজার গাছের চারা রোপণ করা হবে। পর্যায়ক্রমে গাছ লাগানো বাড়ানো হবে। সামনে বর্ষাকালে সেই সময়ে বেশি করে গাছ লাগানো হবে সড়কের দুই পাশে এবং সড়কের ডিভাইডারের মাঝখানের ফাঁকা জায়গায় এসব বৃক্ষের চারা রোপণ করা হবে।

