মো. রাশেদুল ইসলাম (নাটোর): ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে তিন দিনব্যাপী আম প্রদর্শনী ও ফল মেলা শুরু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কানাইখালী মিনি স্টেডিয়ামে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. হাবিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট খন্দকার মাহবুব এবং আদর্শ ফলচাষি আল আমিন। মেলার আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) শামসুন্নাহার ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফল মানুষের খাদ্যাভ্যাসকে বৈচিত্র্যময় করে তোলে। পাশাপাশি ফল বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও খাদ্যআঁশের (ফাইবার) অসাধারণ উৎস। নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি পায়। তাই নিয়মিতভাবে সব ঋতুতেই দেশীয় মৌসুমি ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনায়, ছাদে এবং সম্ভাবনাময় সব স্থানে ফলদ গাছ রোপণ করতে হবে।
বক্তারা ফলের বাজার সম্প্রসারণ ও সংরক্ষণ, গবেষণার মাধ্যমে দেশীয় ফলের প্রাপ্যতার সময়কাল বৃদ্ধি এবং ফলগাছের চারার কেনাবেচায় ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, ফল মেলার মাধ্যমে দেশীয় ফলের সঙ্গে নতুন প্রজন্মের মেলবন্ধন তৈরি হবে।
মেলায় ১৪ ধরনের প্রচলিত ও ২৩ ধরনের অপ্রচলিত দেশীয় ফল এবং ২৫ জাতের আম ১১টি স্টলের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে। এছাড়া নাটোরের ঐতিহ্যবাহী ভেষজ পল্লীর বিভিন্ন ভেষজ উপকরণও বিক্রি করা হচ্ছে। একই সঙ্গে ফলগাছের চারাও বিক্রি হচ্ছে মেলায়।
প্রদর্শনী প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

