মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলায় “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং” শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকেরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ ধারণা এবং নতুন উদ্ভাবন উপস্থাপন করেন।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক এমএ হাফিজ প্রমুখ।
প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা প্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবনী প্রকল্প তুলে ধরেন, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণামূলক চিন্তাভাবনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন, নলডাঙ্গা, নাটোর এ প্রদর্শনীর আয়োজন করে। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী কর্মকাণ্ডে উৎসাহিত করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

