মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন পতিত জমিতে ছড়িয়ে পড়েছে বিষাক্ত আগাছা পার্থেনিয়াম। মানবদেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর এ আগাছা নির্মূলে নলডাঙ্গা থেকে মাধনগর পর্যন্ত নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের প্রায় সাড়ে ৩ কিলোমিটার সড়কের দুই পাশ পরিষ্কার করেছেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর সহযোগী সংগঠন সবুজ বাংলা ও তরুণ দিগন্তের স্বেচ্ছাসেবী পরিবেশকর্মীরা।
শনিবার (২৭ জুন) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। বিষাক্ত আগাছা পার্থেনিয়াম নিধন কার্যক্রমে অংশ নিয়ে পরিবেশকর্মীদের উৎসাহ ও অনুপ্রেরণা দেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সবুজ বাংলার সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী, তরুণ দিগন্তের সভাপতি মো. তাহমিদুর রহমান সৌমিক, পরিবেশকর্মী হুমায়ুন রশিদ, রবিউল ইসলাম, অর্ণব, মিন্টু, সাকিব, রিয়াজ, জয়, বাপ্পী, ফারুক, আলিফ, টুটুল, রুবেল, ইয়াকুব, জিল্লুর রহমান জুলু, অমিসহ আরও অনেকে।
অভিযানে মাধনগর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।

