সর্বশেষ :
20 Oct 2026, Tue

নলডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অটোচার্জার চালককে অজ্ঞান করে অটো ছিনতাই

নলডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অটোচার্জার চালককে অজ্ঞান করে অটো ছিনতাই

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক অটোচার্জার চালক অজ্ঞান হওয়ার পর তার অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) আনুমানিক দুপুর ২টার দিকে নলডাঙ্গা উপজেলার বিসমিল্লাহ ক্লিনিকের সামনে রাস্তার পাশে এক অজ্ঞাত ব্যক্তি অজ্ঞান অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নাটোর সদর উপজেলার রহিমপুর বড় হরিশপুর এলাকার শাহ আলমের ছেলে মো. মাহাবুর রহমান শাকিল (২৪)। তিনি পেশায় একজন অটোচার্জার চালক।

ভুক্তভোগীর বাবা শাহ আলম জানান, নাটোর রেলস্টেশন থেকে যাত্রীবেশে দুইজন অজ্ঞাত ব্যক্তি তার ছেলের অটোচার্জার ভাড়া করে নলডাঙ্গার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তারা কৌশলে শাকিলকে অজ্ঞান করে নলডাঙ্গার বিসমিল্লাহ ক্লিনিকের সামনে রাস্তার পাশে ফেলে রেখে তার অটোচার্জার নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় দোকানদাররা শাকিলকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে তার মাথায় পানি দিলে জ্ঞান ফিরে আসে।

খবর পেয়ে নলডাঙ্গা থানার জরুরি বিভাগের কর্মকর্তা এসআই মোহাম্মদ শাহিন বাসারের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ছিনতাই হওয়া অটোচার্জার উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *