সর্বশেষ :
19 Oct 2026, Mon

নরসিংদীতে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নরসিংদীতে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নরসিংদী: ১৪ দলীয় জোটকে নিষিদ্ধ করা, জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে নরসিংদী জেলা জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (১২ অক্টোবর) সকালে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ৯টায় নরসিংদী পৌর শহরের শিক্ষাচত্ত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ শেষে কয়েকশত নেতাকর্মী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে জামায়াতে ইসলামী উল্লেখ করেছে, বিগত সরকার স্বৈরাচারী ও ফ্যাসিবাদী পদক্ষেপের মাধ্যমে সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করে ধ্বংস করেছে। এ সময় হাজার হাজার বিরোধীদলীয় নেতা-কর্মীর উপর জুলুম-নির্যাতন, মামলা-হামলা, গুম ও খুনের মাধ্যমে দেশপ্রেমিক কণ্ঠরোধের চেষ্টা চালানো হয়। স্মারকলিপিতে আরও বলা হয়, জাতীয় পার্টি ও ১৪ দল এসব অবৈধ কার্যক্রমে প্রকাশ্যে সমর্থন দিয়ে জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এ কারণে জনগণ তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে বলে উল্লেখ করা হয়।

জামায়াতে ইসলামীর ৫ দফা দাবি হলো- জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

নরসিংদী জেলা জামায়াতের আমীর মাওলানা মুসলেহুদ্দীনের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসাইন, সহকারী সেক্রেটারি মকবুল হোসাইন, নরসিংদী-১ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মো. ইব্রাহিম ভূঁইয়া ও নরসিংদী সদর আমীর মাহফুজ ভূঁইয়া প্রমুখ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *