দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারের স্বর্ণপট্টিতে নকল স্বর্ণ বন্ধক রেখে প্রতারণার মাধ্যমে দেড় লাখ টাকা নিয়ে পালিয়েছে দুই নারী। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার জয়পাড়া বাজারের নির্ঝর অলংকার নিকতনে এ ঘটনা ঘটে। দোকানের মালিক সুমন হাওলাদার জানান, ঘটনার সময় তিনি দোকানে উপস্থিত ছিলেন না। এ সময় দোকানে থাকা তার ভাতিজা দিবারত্ন হাওলাদারকে ভুল বুঝিয়ে প্রতারকরা উপজেলার কার্তিকপুর এলাকার ঠিকানা দেয়। এরপর তারা দেড় ভরি ওজনের একটি চেইন ও এক জোড়া দুল বন্ধক রাখার কথা বলে আসলে নকল স্বর্ণ দিয়ে নগদ দেড় লাখ টাকা নিয়ে যায়।
এ বিষয়ে দোহার থানার ওসি (তদন্ত) মো. নুরুন্নবী ইসলাম বলেন, ঘটনাটি আমরা জেনেছি। দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

