সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে মাদক নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম

দোহারে মাদক নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে স্বপন (২৮) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার চর মোহাম্মদপুর আজমবাড়ি মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত স্বপন চর মোহাম্মদপুর গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

আহতের মা নুরজাহান বেগম জানান, স্থানীয় জুম্মন ও জুলহাসসহ আরও কয়েকজনের সঙ্গে তার ছেলের মাদক নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। এর সূত্র ধরে শুক্রবার বিকেলে প্রতিপক্ষের লোকজন স্বপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আজমবাড়ি মোড়ে পৌঁছালে ওত পেতে থাকা হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্বপনের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *