দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় বিভিন্ন অপরাধের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য, সিআর সাজা ওয়ারেন্টভুক্ত দুই আসামি এবং পর্নোগ্রাফি আইনের নিয়মিত মামলার এক আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে দোহার থানা পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেনের সহযোগিতায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকরের নেতৃত্বে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন:
১. মো. শাহজাহান শিকদার, পিতা- আহম্মেদ শিকদার, মালিক- মেসার্স জয়পাড়া রাজধানী হোটেল, ঠিকানা- জয়পাড়া ব্রিজসংলগ্ন, থানা- দোহার, জেলা- ঢাকা। তিনি সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি।
২. মো. শাহজাহান শিকদার, পিতা- আহাম্মদ শিকদার, মালিক- মেসার্স জয়পাড়া রাজধানী হোটেল, ব্যবসায়িক ও ঠিকানা- জয়পাড়া ব্রিজসংলগ্ন, থানা- দোহার, জেলা- ঢাকা। তিনিও সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১ ও ২ নম্বরে একই ব্যক্তির নাম রয়েছে; তবে তাদের বিরুদ্ধে মামলা ভিন্ন।
৩. শেখ সায়মন ওরফে প্রান্ত (২০), পিতা- মৃত শেখ গফুর, সাং- দক্ষিণ জয়পাড়া (ঘোনা), থানা- দোহার, জেলা- ঢাকা।
৪. মিন্টু শেখ (৪০), পিতা- মোকসেদ আলী, মাতা- হনুফা বেগম, সাং- পুষ্পখালী, ইউপি- রাইপাড়া, থানা- দোহার, জেলা- ঢাকা। প্রেস বিজ্ঞপ্তিতে তাকে দোহার উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য এবং আওয়ামী লীগ সমর্থিত রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনের কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।
৫. মো. জহির মেম্বার (৫০), পিতা- তসর আলী মাদবর, মাতা- রপজান, সাং- চর কুশাই চর, থানা- দোহার, জেলা- ঢাকা। প্রেস বিজ্ঞপ্তিতে তাকে মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য, মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং মাহমুদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত সাবেক সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

