দোহার (ঢাকা): ঢাকা জেলার দোহার থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপপরিদর্শক (এসআই) হামিদুর রহমান, এসআই মাহাতাব উদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মারুফ হাসান এবং এএসআই সোহরাব হাসান তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত ১৬ জনের মধ্যে দুইজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, পাঁচজন সিআর (CR) পরোয়ানাভুক্ত আসামি, পাঁচজন জিআর (GR) পরোয়ানাভুক্ত আসামি এবং চারজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন রাইপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম (৫৫) এবং দোহার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফেরদৌস (২২)। এছাড়া গ্রেফতার হওয়া অন্যরা হলেন- আরশেদ, হালিমা বেগম, তাহমিনা বেগম, আলেয়া আক্তার, নাছরিন, মো. রুবেল, সজিব, ইদ্রিস খান, আরিফুল ইসলাম (আরিফ), সম্রাট, নাহিদ মোল্লা, মোরসালিন, মো. রাব্বি ও মো. রাকিব হোসেন।
দোহার থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।

