দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দোহার থানা পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেনের সহযোগিতায় দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকরের নেতৃত্বে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে দোহার থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুন্নবী ইসলাম, এসআই হামিদুর রহমান, এসআই ফরিদ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-
১. মো. খালেদ (৫৪)- কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ। তিনি দোহার উপজেলার শিলাকোঠা এলাকার মৃত মোয়াজ্জেম হোসেন মোল্লার ছেলে।
২. মোশারফ হোসেন (৪৭)- নারিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক। তিনি নারিশা ইউনিয়নের চৈতাবাতর এলাকার মো. মোজাফফরের ছেলে।
৩. আরমান (২২)- দোহার থানা আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তিনি উত্তর জয়পাড়া সোনা মিয়ার মাঠ এলাকার মোক্তার বেপারীর ছেলে।
৪. রায়হান (২৫)- নবাবগঞ্জ থানা আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তিনি নবাবগঞ্জ উপজেলার কাঠালীঘাটা এলাকার শেখ নূর মোহাম্মদের ছেলে।
৫. আজিজ খান (৪২)- দোহার পৌরসভা আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তিনি দক্ষিণ জয়পাড়া খাড়াকান্দা এলাকার মৃত নয়ন খানের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজনকে রোববার আদালতে পাঠানো হয়েছে।

