দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলা উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম দোয়াইর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে প্রতিবেশীর টিউবলাইটের আঘাতে এক নারীর চোখ নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে একই এলাকার মুন্নাফ মাদবরের ছেলে বাবু মাদবর রাজা মন্ডলের বাড়িতে এসে রাজা মন্ডলকে ডাকাডাকি করেন। এ সময় রাজা মন্ডলের স্ত্রী হোসনা বেগম বাবু মাদবরের হাতে টিউবলাইট দেখে সন্দেহ করেন এবং জানতে চান, এত রাতে তার স্বামীকে কেন ডাকছেন এবং কী বলতে চান।
এ সময় হঠাৎ বাবু মাদবর তার হাতে থাকা টিউবলাইট দিয়ে হোসনা বেগমের মাথায় সজোরে আঘাত করেন। এতে হোসনা বেগমের মাথা ও চোখে গুরুতর জখম হয় এবং ব্যাপক রক্তপাত শুরু হয়।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে জয়পাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন। পরে সেখান থেকে তাকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়।
চক্ষু হাসপাতালে চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার বাম চোখ থেকে টিউবলাইটের ভাঙা কাচ বের করতে সক্ষম হলেও জানান, হোসনা বেগমের বাম চোখটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ ঘটনার পর অভিযুক্ত বাবু মাদবরের চাচা আব্দুস কুদ্দুস মাদবর ও চাচাতো ভাই জিহান মাদবর মামলা না করার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিচ্ছেন। পাশাপাশি আইনি ব্যবস্থা নিতে বাধা সৃষ্টি এবং ভয়ভীতি প্রদর্শন করছেন বলেও অভিযোগ ওঠে।
এ ঘটনায় অভিযুক্ত বাবু মাদবরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ঘটনার বিষয়ে দোহার থানা-এ অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক জানান, ঘটনার সত্যতা জানা গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

