দোহার (ঢাকা): দোহারের চরকুশাইয়ে গুড নেইবার্স দোহার সিডিপির আয়োজনে একটি বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) দিনব্যাপী এ আয়োজনে দুইজন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ১১২ জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ সময় রোগীদের মধ্যে স্বল্পমূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া ২০০ অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়।
এর আগে সিডিপির প্রকল্প ব্যবস্থাপকের সভাপতিত্বে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার উৎসব বৈরাগীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিডিপির সিনিয়র অ্যাডমিন অফিসার আব্রাহম বালা, স্বাস্থ্য কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. দীপ দাস এবং আমন্ত্রিত বিশেষজ্ঞ ডা. মো. শরিফুল ইসলাম ও ডা. নাহিদা।
এ সময় বক্তাদের হাত থেকে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
স্পন্সর শিশুর অভিভাবক ও কমিউনিটির সাধারণ মানুষ এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

