দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার চরকুশাইয়ে গুড নেইবার্স দোহার সিডিপির আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী এ স্বাস্থ্য ক্যাম্পেইনে অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ৭৩ জন রোগীকে বিশেষ স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এ সময় রোগীদের মধ্যে স্বল্পমূল্যে ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি ১৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ক্যাম্পেইনের আগে সিডিপির প্রকল্প ব্যবস্থাপকের সভাপতিত্বে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিডিসি সদস্য মো. বজলুর রহমান, সিডিপির সিনিয়র অ্যাডমিন অফিসার আব্রাহম বালা, মেডিকেল অফিসার ডা. দীপ দাস এবং আমন্ত্রিত বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আশরাফুল আলম চোকদার।
পরে অতিথিরা অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যসেবা ও পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
ক্যাম্পেইনে অংশ নেওয়া শিশুদের অভিভাবক ও স্থানীয় কমিউনিটির সাধারণ মানুষ এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা নিয়মিত এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম আয়োজনের আহ্বান জানান।

