সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে কুসুমহাটির বাস্তা এলাকায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

দোহারে কুসুমহাটির বাস্তা এলাকায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

দোহার (ঢাকা): ঢাকার দোহারে সাদিয়া (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা এলাকায় নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত সাদিয়া উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা এলাকার প্রবাসী শহিদ খানের মেয়ে।

নিহতের বড় ভাই তানভীর খান জানান, বুধবার দুপুর প্রায় ১টা পর্যন্ত সাদিয়া ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে নিচে নামানো হলেও তখন তিনি আর জীবিত ছিলেন না।

কী কারণে সাদিয়ার মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবারের কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে প্রবাসী মহসিনের সঙ্গে সাদিয়ার বিয়ে হয়। বিয়ের মাত্র ১৫ দিন পরই মহসিন কর্মস্থলে বিদেশে ফিরে যান। স্থানীয়দের দাবি, প্রায় ছয় মাস আগে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে পারিবারিক দ্বন্দ্বের জেরে অভিমান থেকে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে মাহমুদপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *