ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): “রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা যুবদল।
সোমবার (২৯ জুন) দুপুরে খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অংশ নেন নেতাকর্মীরা।
সমাবেশে খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি মাহাফুজুর রহমান মাহাফুজ এবং সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মুন্না।
বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীরা বর্তমান সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে দেশে নৈরাজ্য সৃষ্টি, খুন, গুম ও ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তারা বিভিন্নভাবে সরকারকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে। এ অবস্থায় যুবদলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সজাগ, সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
প্রতিবাদ সমাবেশে খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলার জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

