দোহার (ঢাকা): দোহার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নুর মোহাম্মদ (৫৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (০১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা বাহ্রা গ্রামে নিহত নুর মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নুর মোহাম্মদ আন্তা বাহ্রা গ্রামের মৃত ওসমান বেপারীর ছেলে। তিনি স্ত্রী আকলিমা (৪৭), দুই মেয়ে সুমি আক্তার (৩০) ও নিপা আক্তার (২৮), এবং এক প্রতিবন্ধী ছেলে মেসবাহউদ্দিন (২৭) রেখে গেছেন।
দোহার থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নিহতের একমাত্র ছেলে মেসবাহউদ্দিন জানান, তার চাচাতো চাচা হাসেন বেপারী, তার ছেলে সেলিম বেপারী এবং সেলিমের ছেলে রিয়াজুল বেপারী (২৫) ধারালো দা দিয়ে তার বাবাকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে নিপা আক্তার জানান, তাদের দাদার সম্পত্তি নিয়ে গত দুই বছর ধরে আদালতে মামলা চলমান রয়েছে। ওয়ারিশ সনদ জাল করে চাচা হাসেন বেপারী ও তার ছেলে সেলিম ৭২ শতাংশ জমি নিজেদের নামে নামজারি করেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তার বাবা আদালতে মামলা করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে সকালে বাড়িতে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া আক্তার জানান, নিহতের মাথায় চারটি, বাম ঘাড়ে প্রায় এক ফুট গভীর একটি এবং বাম চোখের নিচে একটি গভীর জখমের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

