শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এনজিও কর্মী নাজমুল হাসান রানা (৩৫)। ঘটনাটি ১৩ জানুয়ারি মঙ্গলবার সকালে ঢাকা-গামী লিটন পরিবহনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটে। উপজেলার ফায়ার সার্ভিস মোড়ের কালভার্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রানা উপজেলার হাজরাকাটি গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ১ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুর রাজ্জাক সরদারের ছেলে। রানা একজন এনজিও কর্মী ছিলেন এবং যুবদলের সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাইকগাছা থেকে ছেড়ে আসা ঢাকা-গামী লিটন পরিবহন তালা বাজারের অদূরে ফায়ার সার্ভিস মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রানা মাথায় গুরুতর আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে দ্রুত তালা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত পরিবহনটি আটক রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

