দোহার (ঢাকা): আপনার সচেতনতাই আমার নিরাপত্তা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নে একটি ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় ‘যুব বিপ্লবী সামাজিক সংগঠন’। সংগঠনের সদস্যরা জনস্বার্থে কুসুমহাটির বাবুরডাঙ্গী থেকে আউলিয়াবাদ পর্যন্ত রাস্তার অরক্ষিত স্পিড ব্রেকারগুলো চিহ্নিত করে তাতে উজ্জ্বল রঙ করে দিয়েছেন।
দীর্ঘদিন ধরে এই অঞ্চলের রাস্তাগুলোতে চিহ্নবিহীন ও অরক্ষিত স্পিড ব্রেকারগুলো স্থানীয়দের জন্য একটি বড় সমস্যা ছিল। রাতের অন্ধকারে বা দ্রুত গতিতে চলার সময় এসব স্পিড ব্রেকার দেখতে না পাওয়ায় প্রায়শই দুর্ঘটনা ঘটতো। যানবাহন বিকল হওয়া থেকে শুরু করে মারাত্মক দুর্ঘটনা পর্যন্ত ছিল নিত্যদিনের ঘটনা। এতে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের দুর্ভোগ চরিম পর্যায়ে পৌঁছেছিল।
‘যুব বিপ্লবী সামাজিক সংগঠন’ এর এই মহৎ উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তারা মনে করেন, এই ধরনের ছোট ছোট সচেতনতামূলক কার্যক্রমই পারে বড় ধরনের বিপদ এড়াতে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাজ সামান্য হলেও সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সাহায্য করবে।
ভবিষ্যতে তারা রাস্তা নিরাপত্তা এবং অন্যান্য সামাজিক কার্যক্রমে আরও বড় পরিসরে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাদের এই উদ্যোগ প্রমাণ করে যে, সম্মিলিত প্রচেষ্টা এবং সচেতনতা একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

