দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার নিকড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। তবে নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে অজ্ঞাত ওই যুবকের আত্মচিৎকার শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে প্রাথমিক সুরতহাল শেষে যুবকের মরদেহ দোহার থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নুরুন্নবী বলেন, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

