দোহার (ঢাকা): আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল ঢাকার দোহার উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘জয়পাড়া রক্তদাতা সংগঠন’। তাদের সহযোগিতায় পৃথিবীর আলো দেখেছে ফুটফুটে একটি ছেলে শিশু। একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছে সংগঠনটি।
৫ ডিসেম্বর দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন এক প্রসূতি মা। পরবর্তীতে জটিলতার কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রোগীর ঠিকানা দোহার উপজেলার সদর ইউনিয়নের দিয়ারা এলাকায়। পরিবারটির পাশে দাঁড়ানোর মতো কেউ না থাকায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় জয়পাড়া রক্তদাতা সংগঠন।
৬ ডিসেম্বর পরিবারটি সংগঠনের হটলাইন নম্বরে যোগাযোগ করলে ৭ ডিসেম্বর তারা হাসপাতালে ফিরে আসে। সংগঠনের একটি প্রতিনিধি দল শুরু থেকে শেষ পর্যন্ত প্রসূতি মায়ের পাশে থেকে চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে সহায়তা করে। অবশেষে নিরাপদে জন্ম নেয় ফুটফুটে নবজাতক।
মানবিক সহায়তায় এগিয়ে আসার জন্য দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও দায়িত্বরত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি। তাদের আন্তরিক সহযোগিতায় পুরো প্রক্রিয়াটি সুন্দরভাবে সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন জয়পাড়া রক্তদাতা সংগঠনের কর্মী সাইদুল আহমেদ শহিদ, জুই, মনি, প্রিন্স, ইয়ামিন ও মো. বিল্লাল।
সংগঠনের পক্ষ থেকে সকলের প্রতি একটি আবেদন- তাদের জন্য দোয়া রাখুন এবং পাশে থাকুন।
মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে ভবিষ্যতেও যেন মানবিক কাজ করে যেতে পারে এই সংগঠন- এমন প্রত্যাশা জানিয়েছেন সদস্যরা।

