বাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইয়ুব হোসেন (৩৪) নামে এক বিকাশ এজেন্টকে অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের সময় এক যুবককে আটক করেছে স্থানীয়রা।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে পৌর শহরের জেপি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
আটক শামীম শেখ (৩৫) উপজেলার শিবপুর ইউনিয়নের রুদ্রনগর (গাওছাপাড়া) এলাকার ভোলা শেখের ছেলে। আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ে ডাচ্-বাংলা ফাস্ট ট্র্যাক সংলগ্ন বিকাশ এজেন্ট আইয়ুব আলী শনিবার রাত ১২টার দিকে দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে জেপি ফিলিং স্টেশনের সামনে একটি মাইক্রোবাস দিয়ে ছিনতাইকারীরা তার পথরোধ করে। এরপর ছিনতাইকারীরা গাড়ি থেকে নেমে তাকে মারধর করে। একপর্যায়ে তার গলায় দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে সঙ্গে থাকা ব্যাগের ভেতরে থাকা ৫ লাখ ৫০ হাজার টাকা, একটি স্মার্টফোন, একটি বাটন ফোন ও দোকানের চাবিসহ ব্যাগটি ছিনিয়ে নেয়।
এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের পথচারী ও ফিলিং স্টেশনের কর্মচারীরা এগিয়ে আসেন। তখন ছিনতাইকারীরা মাইক্রোবাস নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা একজনকে আটক করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, ছিনতাইয়ের শিকার বিকাশ ব্যবসায়ীর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে এক ছিনতাইকারীকে আদালতে পাঠানো হয়েছে। চক্রটির পলাতক সদস্যদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

