গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দিঘলদী ফুলবাড়ি গ্রামে, সোমবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীরের নেতৃত্বে একটি আপোষ মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে নালিশি জমি ও রাস্তা সংক্রান্ত বিরোধ মীমাংসায় উভয় পক্ষের প্রায় ৪০ জন গণ্যমান্য ব্যক্তি অংশ নেন। বৈঠকে রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে নাছির আহম্মদ (লাবলু মিয়া), শামছু জোহাকে ৭ (সাত) ফুট প্রশস্ত যাতায়াতের রাস্তা দেওয়ার প্রস্তাব করলে উপস্থিত সকলের সম্মতিক্রমে তা গৃহীত হয়।
বৈঠকে নাছির আহম্মদ (লাবলু) উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার পূর্ববর্তী মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমি আবেগপ্রবণ হয়ে আমার বাবার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শামছু জোহাকে নিয়ে যে তথ্য সামাজিক মাধ্যমে উপস্থাপন করেছি, তা ভিত্তিহীন ও বলা অনুচিত ছিল। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
পরবর্তীতে উভয় পক্ষ- শামছু জোহা ও নাছির হোসেন (লালু)-সহ সংশ্লিষ্ট বিবাদীগণ পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের সমাধানে সম্মত হন। তারা লিখিতভাবে ঘোষণা দেন যে, এ বিষয়ে তাদের মধ্যে আর কোনো বিরোধ নেই এবং ভবিষ্যতে কেউ কারও বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ নেবেন না।
এএসআই আলমগীরের উপস্থিতিতে উভয় পক্ষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আপোষনামায় স্বাক্ষর করেন। এর মাধ্যমে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটে।

