বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার সাদুল্যাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত ভোররাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সাদুল্যাপুর থানার ওসি মো. আলীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
ওসি আরও জানান, শুক্রবার ভোরে তিনজন ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে মোজাহিদপুর এলাকায় আসেন। পথে তারা এক ব্যক্তির কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করেন। ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় ছিনতাইকারীদের একজন পালিয়ে গেলেও অন্য দুজন স্থানীয়দের গণধোলাইয়ের শিকার হন। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
তিনি আরও জানান, নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল শেষে মরদেহ দুটি গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব (পিপিএম) জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

