সর্বশেষ :
20 Oct 2026, Tue

খাবারের বস্তা কাঁধে, নৌকায় চড়ে বন্যাদুর্গতদের পাশে সাইফুল ইসলাম

খাবারের বস্তা কাঁধে, নৌকায় চড়ে বন্যাদুর্গতদের পাশে সাইফুল ইসলাম

বেলাল আহমদ, লামা (বান্দরবান): টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় যখন অনেক পরিবার পানিবন্দি হয়ে চরম সংকটে দিন কাটাচ্ছেন, তখন ভৌগোলিকভাবে পিছিয়ে পড়া লামা উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের মানুষের পাশে দাঁড়িয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক সাইফুল ইসলাম। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী নিয়ে দুর্গত ও অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ও ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে নিজের কাঁধে ভারী খাবারের বস্তা বহন করে নৌকায় চড়ে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন সাইফুল ইসলাম। দুর্গম ও প্রত্যন্ত এলাকায় আটকে পড়া অসহায় পরিবারগুলোর মাঝে এভাবে নিজে উপস্থিত হয়ে ত্রাণ বিতরণ করায় সর্বমহলে প্রশংসিত হচ্ছেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার এই কঠিন সময়ে যখন ঘরে খাবার ফুরিয়ে আসছিল এবং যাতায়াতের কোনো উপায় ছিল না, তখন সাইফুল ইসলামের এই মানবিক উদ্যোগ তাদের জন্য বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। নিজের আরাম-আয়েশ বিসর্জন দিয়ে তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই এক উজ্জ্বল মানবিক দৃষ্টান্ত।

এ বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবচেয়ে বড় মানবিক দায়িত্ব। ক্ষমতার চেয়ে মানুষের ভালোবাসাই আমার কাছে বড়। বমু বিলছড়ির প্রতিটি পানিবন্দি মানুষ যেন নিরাপদে থাকে এবং কেউ যেন অনাহারে না থাকে, সেই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি।

তিনি আরও জানান, গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে বমু বিলছড়ি ইউনিয়নের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তাই বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় তিনি নিজস্ব তহবিল থেকে ২ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বন্যাদুর্গত এলাকার মানুষের সার্বিক পরিস্থিতির উন্নতি কামনা করে স্থানীয় সচেতন মহল এবং দুর্গত ব্যক্তিরা তার এই নিঃস্বার্থ মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়েছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *