ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): ‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দিন’ এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩0 নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হলে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদূদ ভুঁইয়া।
এসময় তিনি শুরুতেই দেশনেত্রী, দেশমাতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন। খাগড়াছড়ি জেলার সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের যার যার ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুযায়ী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।
সাংগঠনিক সভায় তিনি বলেন, দীর্ঘ সতেরো বছর বিগত ‘ফ্যাসিস্ট সরকারের’ হাতে বিএনপির নেতাকর্মীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু জুলাই মাসের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার চাপে সরকারের পতন হয়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারপরও তারা আড়াল থেকে আসন্ন নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরদিকে জামায়াতে ইসলামী ও বিভিন্ন মহল ভোটকেন্দ্রিক অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি দলটি জিয়াউর রহমানের সৃষ্টি। তিনি সবসময় দেশের মানুষের কথা ভেবেছেন। আমরাও তার আদর্শে দেশ গড়তে কাজ করতে চাই- বিশেষ করে পাহাড়ের মানুষের জন্য কাজ করতে চাই। এজন্য তিনি বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আসন্ন সংসদ নির্বাচনে একযোগে কাজ করার আহ্বান জানান। ডোর-টু-ডোর গিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর নির্দেশ দেন।
সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ-সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আবু ইউসুফ চৌধুরী, সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকুসহ অন্যান্য সাংগঠনিক নেতৃবৃন্দ।
সাংগঠনিক সভায় জেলা ও উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

