ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে খাগড়াছড়ি পৌর শহরের বাজার ফান্ড কার্যালয়ের সামনে FED-খাগড়াছড়ির আয়োজনে জাবারাং কল্যাণ সমিতি, CLEAN ও BWGED-এর সহযোগিতায় আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে আলো এনজিওর নির্বাহী পরিচালক অরুক কান্তি চাকমার সভাপতিত্বে সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা জ্বালানি সংকট মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি রুফটপ (ছাদে) সোলার বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও জনগণের প্রত্যাশার বিষয়টি তুলে ধরা হয়। বক্তারা বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ একদিকে যেমন বিদ্যুতের চাহিদা পূরণে সহায়ক হবে, অন্যদিকে নেট মিটারিং সুবিধার মাধ্যমে আয় করার সুযোগও সৃষ্টি করবে।
মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের বরাবর স্থানীয় সরকারের উপপরিচালক সাজিয়া তাহেরের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।

