সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়নে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়নে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়নের জন্য কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার (০৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার ২৫ একর কৃষি জমিতে প্রায়োগিক মাঠ পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম (প্রদর্শনী) পরিচালনার লক্ষ্যে ২৫ জন কৃষক-কৃষাণীর মাঝে বীজ, সার, রোগ ও পোকামাকড় দমনের জন্য কীটনাশক, ছত্রাকনাশক, সাইনবোর্ডসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে ব্রি খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মীর ওবায়দুর রহমান শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।

এ সময় মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, বোরো মৌসুমে সঠিক বয়সে চারা রোপণ, সুষম সার ব্যবস্থাপনা, আগাছা দমন, পোকামাকড় ও রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে ব্রি উদ্ভাবিত আধুনিক ও উচ্চফলনশীল ধানের সর্বোচ্চ ফলন নিশ্চিত করা সম্ভব। আধুনিক ধান চাষাবাদ পদ্ধতির সঠিক ব্যবহারের মাধ্যমে ধান চাষকে লাভজনক করে দেশে খাদ্য নিরাপত্তা অর্জনে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এছাড়াও তিনি মাজরা পোকার আক্রমণ ও ব্লাস্ট রোগ থেকে ধানকে রক্ষার করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে কৃষিবিদ তরুণ জয় ত্রিপুরাও উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম এ অঞ্চলের কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে অন্যান্য কৃষকরাও আধুনিক ধান চাষে উদ্বুদ্ধ হবেন।

উল্লেখ্য, এর আগে প্রদর্শনীভুক্ত কৃষকদের মাঝে বোরো মৌসুমে ব্রি উদ্ভাবিত স্থানভিত্তিক জনপ্রিয় উচ্চফলনশীল ধানের বীজ বিনামূল্যে বিতরণ করেছিল ব্রি আঞ্চলিক কার্যালয়, খাগড়াছড়ি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *