সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ি পার্বত্য জেলার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি পৌর টাউন হলে এ অনুষ্ঠানের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলার শিক্ষার্থীদের মধ্যে ৪৯৩ জন কলেজ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং ২৮৫ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে মোট ৭৭৮ জন শিক্ষার্থীর মাঝে ৯২ লাখ ৫ হাজার টাকা শিক্ষা বৃত্তি দেওয়া হয়।

শিক্ষা বৃত্তির পাশাপাশি খাগড়াছড়ির ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং সদর উপজেলার ১০ জন নারীর মাঝে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। পর্যায়ক্রমে খাগড়াছড়ির নয়টি উপজেলায় ৯০ জন নারীর মাঝে মোট ৯০টি সেলাই মেশিন বিতরণ করা হবে বলে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, খাগড়াছড়ি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি। পাহাড়ের শিক্ষার্থীরা যাতে অর্থনৈতিক সংকটের কারণে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে জন্য সরকারের পক্ষ থেকে শিক্ষা সহায়তা অব্যাহত রাখা হবে। একই সঙ্গে নারীদের আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

বিতরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটির ভাইস চেয়ারম্যান (যুগ্ম সচিব) শেখ ছালেহ আহাম্মদের সভাপতিত্বে বক্তব্য দেন ২৯৮ নম্বর খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা এবং পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান।

এ সময় বক্তারা বলেন, ১৯৭৬ সাল থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। পাহাড়ের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রীসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

তারা আরও বলেন, নারী-পুরুষের সমান অংশগ্রহণের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে সরকার কাজ করছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ ও কর্মদক্ষতা বাড়বে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপকারভোগী নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

পরে প্রতিমন্ত্রী খাগড়াছড়ি সদর উপজেলাধীন গিরিফুল শিশু সদনের ছাত্রাবাস, খাগড়াছড়ি সদর উপজেলার বেতছড়িমুখ খালের ওপর নির্মিত সেতু এবং দীঘিনালা উপজেলার জোড়াব্রিজ এলাকায় নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *