খুলনা: ‘সুস্থ থাকি-নিরাপদ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ‘মিনি ম্যারাথন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইভেন্টটিতে কেএমপিতে কর্মরত ১২৫ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
ম্যারাথনের রুট ছিল- শিববাড়ি মোড়, জোড়াগেট, মহিলা কলেজ মোড়, বয়রা বাজার মোড় হয়ে পুলিশ লাইন্স মাঠ।
ম্যারাথন শেষে পুরস্কার বিতরণ করেন কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার। তিনি বলেন, শারীরিক সক্ষমতা শুধু ব্যক্তিগত সুস্থতার বিষয় নয়; এটি কর্মদক্ষতা ও পেশাগত সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম, খেলাধুলা ও স্বাস্থ্য পরিচর্যা আমাদের দক্ষতা বাড়ায়, মানসিক দৃঢ়তা সৃষ্টি করে এবং জনগণের সেবায় আরও কার্যকরভাবে ভূমিকা রাখতে সহায়তা করে। আজকের এই মিনি ম্যারাথন প্রতিযোগিতা শুধু দৌড় নয়- এটি পুলিশ সদস্যদের ফিটনেস বৃদ্ধি ও নিরাপদ বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদসহ কেএমপির ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, অন্যান্য অতিরিক্ত পুলিশ কমিশনার এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

