৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই কার্ডের মাধ্যমে মোবাইল ফোনে জানা যাবে পরদিন বৃষ্টি হবে কি না। এতে কৃষকেরা আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বীজ বপন ও সার প্রয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি বিশ্বাস করে, কৃষি ও কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এ কারণে আমরা বলেছি, কৃষক ভাইদের একটি কার্ড দিতে চাই, যার নাম ফার্মার কার্ড বা কৃষক কার্ড। এরই মধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে। ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক, ভূমিহীন ও বড় কৃষকদের তালিকা তৈরির কাজ এগিয়ে চলছে। আগামী কিছুদিনের মধ্যে এ কাজ শেষ হবে, ইনশা আল্লাহ। এরপর ধীরে ধীরে কৃষকদের কাছে কার্ডগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ৪০ লাখ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড পৌঁছে দেব।
তিনি আরও বলেন, কোনো কৃষক বছরে দুটি ফসল উৎপাদন করেন, আবার কেউ তিনটি ফসল উৎপাদন করেন। কৃষক কার্ডের মাধ্যমে সরকারের পক্ষ থেকে অন্তত একটি ফসলের জন্য সার, বীজ ও কীটনাশক যতটুকু সম্ভব কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে, যাতে তাঁদের কষ্ট কিছুটা হলেও কমে।
কৃষক কার্ডের সুবিধা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই কার্ডের মাধ্যমে কৃষকেরা তাঁদের ফসলের বিমা করতে পারবেন। একইভাবে ব্যাংক থেকে ঋণ নিতে চাইলে সহজে ঋণ পাওয়ার সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, ‘এখন কমবেশি সবার কাছেই মোবাইল ফোন আছে। কৃষক কার্ডের মাধ্যমে মোবাইল ফোনে জানতে পারবেন, আগামীকাল আপনার এলাকায় বৃষ্টি হবে কি না। এতে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, বীজ বপন করবেন নাকি সার দেবেন। এ রকম প্রায় ১০টি সুবিধা থাকবে কৃষক কার্ডে।’

