সর্বশেষ :
20 Oct 2026, Tue

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের মনোনয়ন পেলেন আব্দুল খালেক

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের মনোনয়ন পেলেন আব্দুল খালেক, কালের বার্তা

কুষ্টিয়া প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর-৩ (সংসদীয় আসন-৭৭) আসনে গণ অধিকার পরিষদ থেকে ‘ট্রাক’ প্রতীকে নির্বাচন লড়বেন মো. আব্দুল খালেক। তিনি গণ অধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক।

গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার পুরাতন পল্টনের বিজয়নগর এলাকার আল-রাজী কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে আব্দুল খালেকের পক্ষে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেন গণ অধিকার পরিষদসহ অঙ্গসংগঠনের কুষ্টিয়া জেলার নেতাকর্মী ও আব্দুল খালেকের সমর্থকেরা।

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূরুল হক নূর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কুষ্টিয়া সদর-৩ আসনে মো. আব্দুল খালেককে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

মো. আব্দুল খালেক কুষ্টিয়ার একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি মেসার্স রিভারভিউ ট্রেডার্স, মেসার্স রিভারভিউ ডোর অ্যান্ড ফার্নিচার, এমআরটি ডোর অ্যান্ড ফার্নিচার, এমআরটি ব্রিকস, রিভারভিউ ইলেকট্রনিকস, এবং রিভারভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকের জনকথা পত্রিকার নির্বাহী সম্পাদক, ন্যাশনাল রিপোর্টার্স ইউনিটি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শুধু তাই নয়, আব্দুল খালেক অসহায় ও দরিদ্র মানুষের বিপদের দিনে সঙ্গী হিসেবেও এলাকায় ব্যাপক পরিচিত। তিনি দুস্থ ও অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতায় সব সময় নিজেকে বিলিয়ে দিয়েছেন।

এবারের নির্বাচনে কুষ্টিয়া সদর-৩ আসনে যেসব প্রার্থীর বিপরীতে আব্দুল খালেক ট্রাক প্রতীক নিয়ে যারা লড়বেন:

  • বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র পক্ষ থেকে প্রকৌশলী জাকির হোসেন সরকার – ধানের শীষ প্রতীক

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী-র পক্ষ থেকে মুফতি আমীর হামজা – দাঁড়িপাল্লা প্রতীক

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ আহমদ আলী – হাতপাখা প্রতীক

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-৭৭, কুষ্টিয়া-৩ (সদর) আসনের ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৪২টি ভোটকেন্দ্রের ৮৮৭টি ভোটকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে কুষ্টিয়া জেলা নির্বাচন অফিস।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আনসার সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মাহবুবুর রহমান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *