মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বীর কাশিমনগর ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের ৮৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটির সভাপতি ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল করিম।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার উত্তরাধিকারী ও আজীবন দাতা ফজলুল করিম, সালুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. ফারুক হোসেন এবং সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম বকুল। এছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিক সূচনা করা হয়।
পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট মৌলভী আব্দুল করিম মাস্টার সাহেবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোখলেছুর রহমান।
ধারাভাষ্যে ছিলেন বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক মো. আসাদুল করিম।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল স্কাউট ও গার্লস গাইডদের শারীরিক কসরত, দৌড় প্রতিযোগিতা, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, মোরগের লড়াই, মিউজিক্যাল চেয়ার, পুকুর পাড়, ‘সতিনের ছেলে কেউ নেয় না কোলে’, দড়ি লাফ, যেমন খুশি তেমন সাজ, বিশেষ ডিসপ্লে ও নৃত্য পরিবেশনসহ বিভিন্ন আয়োজন।

