মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক সেবনের অভিযোগে হোসেন (৩৯) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মাদকবিরোধী অভিযান শেষে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাঁকে এ সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত হোসেন কুলিয়ারচর পৌর এলাকার বড়খারচর মহল্লার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কুলিয়ারচর থানা-পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে হোসেনকে আটক করে। পরে তাঁকে কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইজাজুল হকের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিচারক ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এলাকায় মাদক সেবন ও মাদক বিক্রি বন্ধে থানার পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদকের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করে যাচ্ছে। অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে গত ১৪ অক্টোবরও কুলিয়ারচরে বিশেষ অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে নয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক কারাদণ্ড দেওয়া হয়।

