সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুলিয়ারচরে মাদকের সাম্রাজ্য ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ছাত্র প্রতিনিধি রাজিবের

কুলিয়ারচরে মাদকের সাম্রাজ্য ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ছাত্র প্রতিনিধি রাজিবের

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর এলাকায় মাদক ও জুয়ার বিস্তার নিয়ে ক্ষোভ প্রকাশ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কঠোর বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও স্থানীয় ‘জুলাই যোদ্ধা’ ফয়সাল আহমেদ রাজিব।

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই হুঁশিয়ারি দেন।

ফেসবুক পোস্টে ফয়সাল আহমেদ রাজিব লেখেন, কুলিয়ারচর পৌরসভায় কে কে মাদক বিক্রি করে, সবাই জানে এবং সন্ধ্যার পর কোন কোন জায়গায় মাদক-জুয়ার আসর বসে, এটাও সবাই চেনে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবকিছু জানার পরও কেন তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয় না? তাহলে কি ধরে নেব মাদক ব্যবসায়ীদের আশ্রয়দাতাদের কাছে সবাই পরাজিত?

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সরাসরি মাঠে নামার ঘোষণা দেন এই ছাত্র প্রতিনিধি। তিনি আরও লেখেন, আমার কোনো পিছুটান নেই। ৯টি ওয়ার্ডে মাদকবিরোধী অভিযানের ব্যাটালিয়ন প্রস্তুত আছে। আপনারা না পারলে আমাদের বলুন, কসম আল্লাহ, একটার অস্তিত্বও থাকবে না, ইনশাআল্লাহ।

রাজিবের এই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ নাগরিক ও যুবসমাজ তাঁর এই উদ্যোগকে স্বাগত জানালেও, অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পৌরসভার ৯টি ওয়ার্ডেই সজাগ হয়ে মাদক ও জুয়ার আড্ডার বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *