সিরাজদিখান (মুন্সিগঞ্জ) : মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের সতুরচর (রসুলপুর) গ্রামের রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনের প্রধান সড়কটি দ্রুত পাকা করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় মাদ্রাসা সংলগ্ন সড়কে প্রায় আধা ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ শত শত সাধারণ মানুষ।
মানববন্ধনে বক্তারা জানান, প্রায় ৬০০ মিটার দীর্ঘ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। সতুরচর গ্রামের বাসিন্দা আব্দুর রউফ মাস্টারের বাড়ি থেকে সতুরচর (রসুলপুর) কবরস্থান পর্যন্ত সড়কের বেশিরভাগ অংশে বড় বড় গর্ত ও খানা-খন্দে ভরা। কোথাও জমে আছে পানি, কোথাও আবার পিচ্ছিল কাদার কারণে চলাচল প্রায় অসম্ভব।
এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় হাজারো মানুষকে মাদ্রাসা, স্কুল, মসজিদ, ঈদগাহ এবং কবরস্থানে যাতায়াত করতে হয়। স্থানীয়রা বলেন, সড়কের এমন বেহাল দশায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
মানববন্ধনে অংশ নেওয়া সবাই দ্রুত এই সড়কটি পাকা করে জনগণের দুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

