সর্বশেষ :
19 Oct 2026, Mon

ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও দুই সদস্য। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তাঁর ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫)। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন এবং তাঁদের বড় ছেলে নাবিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওমরাহ পালনের উদ্দেশ্যে নিজস্ব প্রাইভেট কারে করে রিয়াদ থেকে মক্কার পথে রওনা হন তারা। রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার পর পেছন থেকে একটি দ্রুতগতির ভারী যানবাহন তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তানিয়া তাহমিনা রিনা, তাঁর ছেলে তাসবিক ও মেয়ে জারার মৃত্যু হয়।

নিহত তানিয়ার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত শফিকুল ইসলাম ও নাবিল সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।

এ মর্মান্তিক ঘটনায় ফরিদপুরের সালথা, কিশোরগঞ্জের ভৈরব এবং সৌদি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *