সর্বশেষ :
19 Oct 2026, Mon

উপজেলা পরিষদ নির্বাচন: কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের জমজমাট গণসংযোগ

উপজেলা পরিষদ নির্বাচন: কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের জমজমাট গণসংযোগ

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষিত না হলেও সম্ভাব্য নির্বাচনের খবরে চাঙ্গা হয়ে উঠেছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রাজনীতি। হাট-বাজার, পথঘাট আর গুরুত্বপূর্ণ মোড়গুলো ইতোমধ্যে ব্যানার, পোস্টার ও বিলবোর্ডে ছেয়ে গেছে। প্রার্থী ও সমর্থকদের পদচারণায় পুরো উপজেলাজুড়ে এখন পুরোদস্তুর নির্বাচনের আমেজ।

এই নির্বাচনী হাওয়ায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সাবেক সফল ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. শহীদ উদ্দিন বাবুল। তিনি কুলিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন এবং ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

উপজেলার পূর্ব গাইলকাটা গ্রামের সন্তান মো. শহীদ উদ্দিন বাবুল দীর্ঘদিন ধরে কুলিয়ারচরের রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়। বর্তমানে তিনি কুলিয়ারচর পৌর বিএনপির যুববিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পৌর যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বও দক্ষতার সঙ্গে সামলেছেন। দলীয় আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে তাকে রাজনৈতিক জীবনে ছয়বার কারাবরণ করতে হয়েছে।

মাঠপর্যায়ের এই প্রবীণ যুব সংগঠক তৃণমূলের সুখে-দুঃখে পাশে থাকার রাজনীতিতে বিশ্বাস করেন। এলাকার সামগ্রিক উন্নয়ন, সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং উদীয়মান তরুণ সমাজকে সুসংগঠিত করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনী ময়দানে সক্রিয় হয়েছেন।

গণসংযোগকালে মো. শহীদ উদ্দিন বাবুল বলেন, “কোনো ব্যক্তিগত পদ-পদবির লোভে নয়, কুলিয়ারচরের সাধারণ মানুষ ও যুবসমাজের অধিকার আদায়ের তাগিদেই আমি মাঠে নেমেছি। নানা প্রতিকূলতার মাঝেও কখনো এলাকার মানুষকে ছেড়ে যাইনি। ইনশাআল্লাহ, জনগণের মূল্যবান সমর্থনে নির্বাচিত হতে পারলে কুলিয়ারচর উপজেলাকে উন্নয়ন, ঐক্য ও অগ্রগতির এক অনন্য রোল মডেলে পরিণত করব।”

প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাট-বাজার, গ্রাম ও পাড়া-মহল্লায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করছেন তিনি। এরই অংশ হিসেবে শনিবার বাদ মাগরিব উপজেলার আগরপুর বাসস্ট্যান্ডে নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ব্যাপক গণসংযোগ করেন তিনি।

স্থানীয় ভোটার ও তরুণদের মতে, দীর্ঘদিনের রাজপথের ত্যাগ ও নীতিতে অবিচল থাকার কারণে ভাইস চেয়ারম্যান হিসেবে বাবুল এখন তরুণ সমাজের প্রধান পছন্দ। তৃণমূলের সর্বস্তরের মানুষ তাকে আগামী দিনে উপজেলা পরিষদের প্রতিনিধিত্ব করতে দেখতে চান বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *