মালগ্রাম চাপড়পাড়া (বগুড়া): ঈদকে সামনে রেখে মাংস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বছরজুড়ে সঞ্চয়ের নামে প্রায় ৭৭ লাখ টাকা সংগ্রহ করে উধাও হয়ে গেছে একটি সমবায় সমিতির পরিচালকরা। ঘটনাটি বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকায় ঘটেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে নির্ধারিত দিনে মাংস নিতে এসে প্রতারণার বিষয়টি জানতে পারেন ভুক্তভোগীরা। এতে প্রায় ১২০০ পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মালগ্রাম নতুনপাড়া এলাকার আব্দুল হাকিম, আকরাম ও শাহিন ‘ফোর স্টার বিজনেস সমবায় সমিতি’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। তারা ঈদ উপলক্ষে সারা বছর সাপ্তাহিক কিস্তিতে টাকা জমা নিয়ে শেষে মাংস দেওয়ার প্রতিশ্রুতি দেন।
সমিতির সদস্যদের দাবি, প্রতি কার্ডের মূল্য ছিল ৫ হাজার টাকা। অনেক পরিবার একাধিক কার্ড নেওয়ায় মোট প্রায় ৭৭ লাখ টাকা জমা পড়ে। নির্ধারিত দিন ১৫ মার্চ মাংস বিতরণ না করে তারা সময় পরিবর্তন করে ১৭ মার্চ নির্ধারণ করে। কিন্তু ওই দিনও তারা উধাও হয়ে যান।
স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কামরুজ্জামান জানান, ভুক্তভোগীদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগীরা দ্রুত তাদের সঞ্চিত টাকা ফেরত এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

